আবনা : ইয়েমেনের বন্দরগুলোর ওপর অবরোধ আরোপ এবং নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের নৌবাহিনী।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আসিরি রাজধানী রিয়াদে সাংবাদিকদের এ কথা বলেছেন। তিনি বলেন, ইয়েমেনের বন্দরগুলোতে সব জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে সৌদি জোটের নৌবাহিনী। মিশরের নৌবাহিনীর জাহাজ থেকে বন্দরনগরী এডেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়েছে বলে খবর প্রকাশিত হওয়ার পর এ দাবি করলেন ব্রিগেডিয়ার আসিরি।
এদিকে, সৌদি বিমান হামলায় ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইবব প্রদেশে অন্তত ৮ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছে। সৌদি জোটের জঙ্গি বিমানগুলো রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা করেছে। এ ছাড়া, আজ (মঙ্গলবার) সানার ফাজ আত্তান পর্বতের অস্ত্রাগার থেকে ধারাবাহিক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। রকেটসহ অন্যান্য অস্ত্র ও গোলাবারুদ মজুদের জন্য এ এলাকাকে ব্যবহার করা হতো।
ইয়েমেনে সৌদি আগ্রাসনে এ পর্যন্ত নারী ও শিশুসহ প্রায় ১৪৫ জন নিহত হয়েছে।#